বিনোদন ডেস্ক ॥
শাহরুখের ৫২তম জন্মদিন পালনে পরিবার এবং বন্ধুরা সবাই গিয়েছিলেন কিং খানের আলিবাগের বাড়িতে। তবে বলিউড সুপারস্টারের এ জন্মদিন ঘিরে যে ঘটে গেছে এক বিব্রতকর ঘটনা, সে কথা বোধহয় অনেকেই জানেন না।
ঐ যাত্রায় আলিবাগে যাওয়ার পথে গেট ওয়ে অব ইন্ডিয়ার কাছে হেনস্তা হতে হয়েছিল শাহরুখকে। সংবাদ মাধ্যম এএনআই এর সূত্রমতে, ঐ দিন গেট ওয়ে অব ইন্ডিয়া সংলগ্ন সমুদ্র সৈকতে শাহরুখের বিলাসবহুল ইয়টটি বাঁধা ছিল। ভেতরে স্বয়ং শাহরুখ থাকায়, তাকে দেখার জন্য সৈকতের ধারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লেগে যায়। এদিকে একই সময় আলিবাগের বিধায়ক জয়ন্ত পাটেল ঐ দিক দিয়ে তার বাড়ি ফিরছিলেন কিন্তু ভিড় ঠেলে জেটি পর্যন্ত এসে এবং সেখানে নিজের ইয়টটি বাঁধা যাচ্ছে না দেখে মেজাজের নিয়ন্ত্রণ হারান তিনি।
কোনো রকম নিজের ইয়টে উঠে মারাঠি ভাষায় চিৎকার করে বলতে থাকেন- ‘আপনি সুপারস্টার হতে পারেন, কিন্তু আলিবাগ কিনে নিয়েছেন নাকি? এখানে আসতে হলে অবশ্যই আপনাকে আমার অনুমতি নিতে হবে’। এ ঘটনায় শাহরুখ কোনো প্রতিক্রিয়া দেখাননি। পুরোটা সময় তিনি চুপ করেছিলেন।
