Skip to content

তদন্ত ছাড়া ৫৭ ধারায় কোনো সাংবাদিক গ্রেপ্তার হবে না: আইজিপি

চাঁদপুর প্রতিনিধি ॥
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ৫৭ ধারায় মামলা হলে তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।

গতকাল শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘এ বিষয়ে আমি পুলিশ সদর দপ্তর থেকে প্রথম সুপারিশ করেছি এবং কাজ করেছি। দেশের বহু জেলা থেকে ৫৭ ধারায় অনেক মামলাসহ অভিযোগ আমার কাছে এসেছে। সেগুলো আমি দেখেই এই নির্দেশনা দিয়েছি। তবে দু-একটি অভিযোগ আমরা তদন্ত করে প্রমাণ পাওয়ায় সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বলি।’

চাঁদপুরের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে শহীদুল হক বলেন, ‘চাঁদপুরের সঙ্গে আমার আত্মার সম্পর্ক আছে। কারণ, পুলিশ সুপার হিসেবে আমি প্রথম এ জেলায় তিন বছর কাজ করেছি। এ জেলাকে আমি সব সময় আমার সেকেন্ড হোম মনে করি। এখানকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীরা সব সময় পুলিশসহ প্রশাসনকে আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন।’

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ-জামান, ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, আইজিপির স্টাফ অফিসার আক্তার হোসেন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫