স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার (নগরহাওলা) এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক (আনুমানিক ৩২) নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস জানান, রাতে ময়মনসিংহগামী ওই পিকআপ ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার (নগরহাওলা) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পিকআপ ভ্যানে সোহাগ নামে একটি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পাওয়া গেছে বলেও জানান তিনি।
