স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: নয়াপল্টনে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে শনিবার (০৬ জানুয়ারি) ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিএনপি।
শুক্রবার (০৫ জানুয়ারি) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে দিনটিকে ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে দলটি। সে লক্ষ্যে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। কিন্তু এদিন একই স্থানে ইউনাইটেড ইসলামিক পার্টিকে সমাবেশের অনুমতি দেওয়ায় বিএনপিকে প্রত্যাখ্যানের কথা জানায় ডিএমপি।
পরে দলটি পল্টনে সমাবেশের অনুমতি চাইলে পুলিশ বলে, পল্টনে সমাবেশ করার সুযোগ নেই। এ বিষয়ে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান বাংলানিউজকে বলেন, পল্টনে কারো সমাবেশ করার সুযোগ নেই। রাস্তার উপর সমাবেশ করা সম্ভব নয়। তাছাড়া রাস্তা সিটি করপোরেশনের, আমরা অনুমতি দিতে পারি না।
