বাংলাভূমি ডেস্ক ॥
প্রতি বছর পুলিশের উন্নয়নের জন্য ৪’শ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়। এবার আরো ৬’শ কোটি টাকা বাড়িয়ে ১ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়ার আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, বাজেট ঘাটতির কারণে কখনো সময় শেষ হয়ে যায়, কখনো কাজ থেকে যায়। শুরু করেও শেষ করা সম্ভব হয় না।
উন্নয়ন কাজের জন্য যদি এক হাজার কোটি টাকা বাজেট দেয়া হয় তাহলে আমাদের প্রজেক্টগুলো সব সম্পন্ন করা যাবে।
মঙ্গলবার রাতে পুলিশ সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটরিয়ামে মাঠ পর্যায়ে কর্মরত উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান।
এসময় আইজিপি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন পুলিশের জন্য বাজেট ব্যয় নয় বিনিয়োগ হিসেবেই ধরা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খাঁন কামাল, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। এবারই প্রথম পুলিশ সপ্তাহে পাঁচ মন্ত্রীর সঙ্গে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হল।
আইজিপির বক্তব্যের পর উপস্থিত মন্ত্রীরা বক্তব্য প্রদান করেন। তারা বলেন, পুলিশের যেসব সমস্যাগুলো আছে সে ব্যাপারে সরকার খুবই আন্তরিক। সূত্র: ইত্তেফাক
