Skip to content

নির্বাচন সুষ্ঠু করতে সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা সারা দেশে তৃণমূল পর্যায়ে কাজ করেন। দরিদ্র ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আনসার বাহিনীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আনসার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি বিনষ্ট করতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে।

সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। সাহসিকতা ও সেবামূলক কাজে বিশেষ ভূমিকা রাখার জন্য নির্ধারিত সদস্যদের প্রধানমন্ত্রী পদক পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যখন সারা দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন আপনারা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। আমরা যখনই ক্ষমতায় এসেছি তখনই বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর উন্নয়নে কাজ করেছি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে চেইন অব কমান্ড মেনে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরাই প্রথম আনসার বাহিনীকে পতাকা হাতে তুলে দিয়েছিলাম। আমরা আপনাদের জন্য সর্বনিম্ন ১৩০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা বৃদ্ধি করেছি। আপনাদের কাজের মাধ্যমে আপনারা সরকারের নির্ভর বাহিনী হিসেবে পরিণত হয়েছেন। বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫