স্টাফ রিপোর্টার ॥
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চা যথাযথভাবে হচ্ছে কিনা তা যাইয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বিজয়ের মাস মার্চের শুরুতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত গাওয়া এবং জাতীয় সংগীত চর্চায় অনুপ্রেরণা দিতে ১১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছিল। সে অনুযায়ী গত ২০ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত গাওয়া এবং জাতীয় সংগীত চর্চায় অনুপ্রাণিত করতে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়ে প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধিশাখা-৪ (সমন্বয়)-এ হার্ড কপিসহ ইমেইলে সফট কপি পাঠাতে হবে।
১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনায় জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতেও বলা হয়েছিল। সম্পাদনা : মোহাম্মদ রকিব হোসেন
