Skip to content

‘একবছরে ১ লাখ ৩২ হাজার ৮৮৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা’

স্টাফ রিপোর্টার ॥

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সকল সংস্থা ১ লাখ ৩২ হাজার ৮৮৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১ লাখ ৬ হাজার ৫৩৬টি মামলা করেছে।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বেগম পিনু খানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ২০১৮ সালে (জানু-মার্চ) ২৭ হাজার ৩৪০টি মামলায় ৩৫ হাজার ১১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসনও এ বিষয়ে সহযোগিতা করে অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এ সময় মন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

সংরক্ষিত আসনের আরেকজন এমপি বেগম হাজেরা খাতুনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে ১২ হাজার ২১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার ৯৯১টি মামলা দায়ের করা হয়। ৬ হাজার ৪৪ জনকে গ্রেফতার করা হয়। ৪৭ লাখ ৩ হাজার ৭৬০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ৪৩ জনকে ২ বছর, ১০৭ জনকে ১ থেকে ২ বছরের কম, ২০৯৫ জনকে ৬ মাস থেকে ১ বছর এবং ১৯৫১ জনকে ৬ মাসের কম মেয়াদে মোট ৪২৯৬ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

অপরদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৫ মাস সময়ে ৪ হাজার ৭৫৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার ৬১৪টি মামলা দায়ের করা হয়। ২ হাজার ৪৪৮ জনকে গ্রেফতার করা হয়। ১৭ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং ১৭ জনকে ২ বছর, ১১৮ জনকে ১ থেকে ২ বছরের কম এবং ৭৪৫ জনকে ৬ মাসের কম মেয়াদে মোট ১ হাজার ৬৯৯ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠানের পাশাপাশি মাদকবিরোধী পোস্টার, লিফলেট, স্টিকার, স্যুভেনির প্রকাশ ও বিতরণের কাজ অব্যাহত আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫