Skip to content

৭ হলে টানা তিন সপ্তাহ, পোড়ামন ২ আসছে আরও ২৮ হলে

বিনোদন ডেস্ক ॥

ঈদের সফল ছবি রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’। জাজ মাল্টিমিডিয়ার ছবিটি দিয়ে সিনেমার নায়ক হয়ে অভিষিক্ত হলেন সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন আরেক নতুন মুখ পূজা চেরী। প্রথম ছবিতেই সফল সিয়াম, সফল সিয়াম-পূজার জুটিও।

সাফল্যের ধারাবাহিকতা মুক্তির তৃতীয় সপ্তাহেও বহমান। নতুন সপ্তাহে বেড়েছে হল সংখ্যা, নিশ্চিত করেছেন ছবির পরিচালক রাফি। তিনি বলেন, আগামীকাল এটি মুক্তি পাচ্ছে ৩৫টি হলে। তারমধ্যে ৭টি হলে টানা তিন সপ্তাহ ধরে চলার কৃতিত্ব অর্জন করছে ছবিটি। সেগুলো হলো ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, স্টার সিনেপ্লেক্স, ব্লক বাস্টার, জয়দেবপুরের বর্ষা, মেহেরপুরের মেহেরপুর সিনেমা, বগুড়ার মমো ইন হল।

সেইসঙ্গে আগামীকাল শুক্রবার থেকে প্রথমবারের মতন চলবে বনলতা (ফরিদপুর), বনানী (কুষ্টিয়া), ছায়াবানী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), দুলাল (ফেনী), হীরামন (নেত্রকোনা), ঝংকার (পাঁচদোনা), কানন (সাগরদিঘী), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর), মধুমিতা (ঢাকা), শাপলা (রংপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনিকা (শায়েস্তাগঞ্জ), নন্দিতা (সিলেট), নিউমেট্রো (নারায়নগঞ্জ), অভিরুচি (বরিশাল), প্রীতি (আগলা), রাজ (কুলিয়ারচর), রানা (বামন্দী), রানীমহল (ডেমরা), রাজিয়া (নাগরপুর), রুনা (চালাকচর), শঙ্খ (খুলনা), সেনা (সাভার) সিনেমা হলগুলোতে।

পরিচালক রায়হান রাফি বলেন, ‘‘অনেক প্রত্যাশা নিয়ে ‘পোড়ামন ২’ ছবিটি নির্মাণ করেছিলাম। এতোটা সাড়া পাবো ভাবিনি। আমার প্রথম কাজ, অনেক ভয়ও কাজ করেছে। কিন্তু সবাই মিলে একটি আদর্শ টিম হিসেবে কাজ করতে পেরেছি বলেই সাফল্য পেয়েছি। মুক্তির তৃতীয় সপ্তাহেও হল মালিকরা দর্শক চাহিদার জন্যই আগ্রহ দেখাচ্ছেন ছবিটি নিয়ে। এটা আনন্দের। আশা করছি নতুন হলগুলোতে দর্শক টানবে ‘পোড়ামন ২’।’’

এদিকে রায়হান রাফি তার প্রথম ছবির সাফল্যের পর হাত দিয়েছেন আরও একটি নতুন ছবিতে। ‘দহন’ নামের সেই ছবিতেও নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে সিয়াম-পূজাকে। তাদের সঙ্গে লাক্স তারকা জাকিয়া বারী মম যুক্ত হয়েছেন ব্যতিক্রমী একটি চরিত্রে। এখানে আরও কাজ করছেন ফজলুর রহমান বাবু, শিমুল খান প্রমুখ। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদে মুক্তি পাবে ‘দহন’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫