বিনোদন ডেস্ক:
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয় করবেন না সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। এমনটাই জানালেন ছবিটির পরিচালক আলী আব্বাস জাফর।
শুক্রবার টুইটারে এই নির্মাতা জানান, প্রিয়াঙ্কা ‘ভারত’ ছবিতে আর থাকছে না। কারণ, তাঁর জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে। তাঁর জন্য অনেক ভালোবাসা রইল। প্রিয়াঙ্কার ভবিষ্যৎ জীবন সুখের হোক এই কামনা করছে ‘ভারত’ ছবির পুরো টিম।’’
আলী আব্বাস জাফরের টুইটের পরপরই ভারতীয় গণমাধ্যমে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হতে চলছে বলে গুঞ্জন শুরু হয়েছে। প্রিয়াঙ্কার বিয়ের ইঙ্গিতই দিয়েছেন আলী আব্বাস জাফর, সে বিষয়ে খুব একটা সন্দেহ আর থাকার কথা নয়।
মার্কিন পপ সংগীত তারকা নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের খবর সবারই জানা। তাঁদের মধ্যকার এই সম্পর্ক কবে বিয়েতে গড়াচ্ছে, তা নিয়েই এখন যত জল্পনাকল্পনা। এখন শোনা যাচ্ছে, এ বছরের নভেম্বরে নিক জোনাস আর প্রিয়াঙ্কার চার হাত এক হওয়ার সম্ভাবনা আছে।
এদিকে সালমান খানের বিপরীতে আলোচিত ‘ভারত’ ছবি ছাড়ার বিষয়ে প্রিয়াঙ্কার পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। বহুল প্রত্যাশিত বিগ বাজেটের এই ছবির শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। ছবিটির জন্য ১৪ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন এই অভিনেত্রী। পরে ১২ কোটি রুপি পারিশ্রমিক ঠিক হয়। বলিউডের কোনো নায়িকার জন্য পারিশ্রমিকের এই অঙ্ক চোখ কপালে ওঠার মতো বিষয়। সূত্র: বৈশাখী TV
