বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শিক্ষার্থীরা যে দাবিতে রাস্তায় নেমেছে তা আমরা মেনে নিয়েছি। তাদের সব দাবি যৌক্তিক। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বুধবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও পরিবহন মালিক-শ্রমিকপক্ষের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন এবং রোড পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে নামতে পারবে না। রাস্তায় নামলে সংশ্লিষ্ট বাসের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এখন আমি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা এবং নিরাপদ সড়কের জন্য জনসচেতনতাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় চালকদের সচেতন করতে ব্যবস্থা নেবেন পরিবহন সংশ্লিষ্টরা। আর এক্ষেত্রে পথচারীদেরও সচেতন হতে হবে। তাদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে।
অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা আপনাদের ছাত্রদের, ছেলে-মেয়েদের ঘরে ও ক্লাসে ফেরত নিন। কারণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ঢুকে এক ধরনের স্বার্থান্বেষী মহল তাদের উদ্দেশ্য হাসিল করতে চাইবে। এই সুযোগে এই মহলটি গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করছে।
‘গত তিন দিনে ৩০৯টি গাড়িতে ভাঙচুর করা ছাড়াও পুলিশের দুটি ও ফায়ার সার্ভিসের একটিসহ মোট আটটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছাড়াও নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র:রাইজিংবিডি ডট কম
