স্টাফ রিপোর্টার ॥
বিএনপি নেতৃতাধীন ২০ দলীয় জোটে এমনও দল আছে যারা স্লোগান দিয়েছিল আমরা হলাম তালেবান বাংলা হবে আফগান। এ থেকে প্রমাণিত হয় তারা জঙ্গিদের আশ্রয় দাতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিরিজ বোমা হামলাকারী, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু এই স্লোগানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সারাদেশে যখন একযোগে জঙ্গি নির্মূলের কাজ চলছে তখন খালেদা জিয়া বলেছিলেন কিছু লোককে কিছু দিন আটকে রেখে দাড়ি কখন বড় হয় তখন তাদেরকে জঙ্গি বানানো হয়। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কীভাবে এই মন্তব্য করতে পারেন।
হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে জঙ্গি দমন করতে সম্পূর্ণ সক্ষম হয়েছে। কিন্তু বিএনপি’র পৃষ্ঠপোষকতার কারণে নির্মূল করা যাচ্ছে না।
তিনি বলেন, বিএনপির আমলে ২০০৫ সালে ৬১ টি জেলায় ৫০০ স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গিরা। কিন্তু তারা তাদের কিছুই করতে পারেনি বিএনপি।
বিএনপি সকল আন্দোলনে ব্যর্থ হয়ে অন্যের ঘাড়ে চেপে ফায়দা আদায়ের চেষ্টায় ব্যস্ত বলে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, সাধারণ আন্দোলনকে পুঁজি করে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু তারা যখন ষড়যন্ত্র ব্যর্থ হলো তখন তারা শেষ পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করে। কিন্তু সেটাও তারা ব্যর্থ হয়েছে। এখন অন্য ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত তারা।
এ সময় তিনি বলেন, এখনো ষড়যন্ত্রকারীরা মাঠ ছেড়ে যায়নি। তারা বিভিন্ন জায়গায় নৈশভোজে মিলিত হয়। যা সরকারের জানা রয়েছে।
এ সময় হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল। এখনও শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আমি ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক লীগ কে যারা এই সময়ে এ মানববন্ধনের আয়োজন করেছে। আ. লীগের পরিবারের সকল সদস্যকে আহ্বান জানাই চোখ কান খোলা রেখে ষড়যন্ত্রের মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। এবং এই ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এর সঞ্চালনায় মানববন্ধনে কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
