স্টাফ রিপোর্টার ॥
পরিবেশ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৮ (১) (খ) লঙ্ঘন করার অপরাধে ৫ টি ইটভাটাকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ আঃ সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরির্দশক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আখতার জাহানসহ ৬ জন ফায়ার ফাইটার, মেট্রোপলিটন পুলিশের এস আই মোঃ হারুন অর রশিদসহ ৫ জন পুলিশ ফোর্স সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় অভিযানে পরিচালনা করেন।
আভিযানিক দলটি অবৈধ ইট ভাটাগুলো স্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে ফেলে ফায়ার সার্ভিসের সহায়তায় কিলনের আগুন পানি দিয়ে নিভানো হয়। এছাড়া অবৈধভাবে পরিচালিত ৫ টি ইটভাটা মালিকগণের নিকট থেকে সর্বমোট ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক তা আদায় করা হয়। ইটভাটাগুলো মেসার্স রনি ব্রিক্সকে ৮০ হাজার টাকা, মেসার্স শাকিল ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বাশার ব্রিকসকে ৮০ হাজার টাকা, মেসার্স তাজিন ব্রিক্সকে ৮০ হাজার টাকা, মেসার্স নজরুল ব্রিক্সকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
