Skip to content

কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে কর দিতে হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত সচেতন, যাতে তৃণমূল পর্যায়ে জনগণ সেবা পেতে পারে। যার কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণ ব্যাপক আস্থা স্থাপন করেছে। আমাদের এবারের অঙ্গীকার হচ্ছে, সেবার মাত্রা আরো বৃদ্ধি করা। একই সাথে দূর্নীতির করাল গ্রাস থেকে মুক্তির জন্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের জন্য অর্থের দরকার আর তার উৎস জনগন। সরকারকে রাজস্ব দিয়ে কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি সবার প্রতি আহবান জানান।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর কর অঞ্চল কর্তৃক আয়োজিত “অংশীজন রাজস্ব সংলাপ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মোঃ আলী আসগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার ও মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ গিয়াস উদ্দিন, অতিরিক্ত কর কমিশনার মোঃ শাহাদাত হোসেন সিকদার, শ্রেষ্ঠ করদাতা মোবারক হোসেন ও ড. শরিফুল আলম রিপন প্রমুখ ।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, গাজীপুরে কয়েক হাজার শিল্পপ্রতিষ্ঠান আছে, তারা কর এখানে দেন না, ঢাকায় পরিশোধ করেন। তারা যদি গাজীপুরে কর দিত, তাহলে বুঝা যেত, গাজীপুর থেকে কি পরিমাণ কর যায়। এটা যাতে গাজীপুর পরিশোধ করা যায়, এ বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। তিনি বলেন, আমাদের দেশের কিছু কিছু লোক সততার সাথে কর দেন না, তারা অনেক ফাকি দেয়। যথাযথভাবে সবাই কর দিলে রাজস্ব আয় বাড়বে।


অনুষ্ঠানের গেষ্ট অব অনার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া বলেন, জাতীয় রাজস্ব বোর্ডেও চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব সরকারকে রাজস্ব দেয়া। আমাদের দেশে করদাতার সংখ্যা ২০ লাখের বেশী নয়, যা যথেষ্ট নয়। পৃথিবীতে বিভিন্ন দেশে কর জিডিপির হার ১৫ থেকে ২০ শতাংশ । অন্যদিকে আমাদের দেশে এটা মাত্র ৯ থেকে ১০ শতাংশ। আমাদের দেশে যাদের কর দেবার সঙ্গতি আছে, তারা কর্মকর্তাদের হয়রানীর ভয়ে কর অফিসে যান না। আমি নিশ্চয়তা দিচ্ছি, তারা আপনাদের হয়রানী করবেন না। কারো কোন অভিযোগ থাকলে সরাসরি আপনারা আমার কাছে বলবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, দেশটা আমাদের সবার। সরকারী অফিসাররা যা খুশি তাই করতে পারবে না। দেশে বিদেশে বর্তমান সরকারের যথেষ্ট সুনাম ও প্রভাব রয়েছে। আমাদের যাতে কারো প্রতি মুখাপেক্ষি না হতে হয়, এ জন্য বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, পদ্মা সেতু নির্মানের আগে অনেকেই আমাদেরকে অসহযোগিতা করেছেন। কিন্ত নিজেদের অর্থে এ সেতুর কাজ শুরু হয়েছে। আমাদের নিজেদের যে আর্থিক সামর্থ আছে, বিদেশী সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারি, এটা এখন প্রমাণিত হয়েছে। এজন্য সরকারকে আমাদের ট্যাক্স দিতে হবে। এটা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব । সরকারকে নির্ধারিত কর না দিলে গোনাহ হবে। তিনি বলেন, আমাদের দেশে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে, তাদের সবার ট্যাক্স ফাইল নেই। সকলের প্রতি অনুরোধ করবো, আপনারা স্বপ্রণোদিত হয়ে কর দেবেন। যদি ১৮ কোটি মানুষের মধ্যে ১০ ভাগের এক ভাগ কর দাতা না থাকে, তাহলে এটা আমাদের জন্য লজ্জাকর। দেশ গড়ার কাজে সকলের অংশীদার হতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫