Skip to content

‘চকবাজার অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, খতিয়ে দেখা প্রয়োজন’

বাংলাভূমি ডেস্ক ॥
গণতন্ত্রের সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চকবাজারের আগুনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে এই কথার মাধ্যমে এটিই ব্যাখ্যা দেয়া যায়, তাহলে কি পেট্রলবোমার মতো এটির সঙ্গেও তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।

শনিবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লার বাসায় দুটি কবিতার বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র নেই বিধায় চকবাজারে আগুন লেগেছে, ফখরুল সাহেবের এসব বক্তব্য দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকারের মন্ত্রীরা অনেক কথা বলছেন সবাই। কিন্তু তারা ঠিক যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করছেন না। একটা জিনিস আমরা লক্ষ করছি যে, দায়িত্বহীনতা এবং এটা এত বেড়ে গেছে কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিবিলিটি নাই। কোথাও কোনো জবাবদিহিতা নাই। একটার পর একটা এ ধরনের গণতন্ত্রহীনতা সে অবস্থাকে একিউজ করে তুলছে।’

এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ইদানিং দেখা যাচ্ছে, ফখরুল সাহেব প্রচুর অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নাই বিধায় চকবাজারে আগুন লেগেছে, এটি কী রকম দায়িত্বহীন কথা, এটা বলার অপেক্ষা রাখে না।

তিনি আরও বলেন, এটির মাধ্যমে ফখরুল সাহেব নিজেই প্রকারান্তরে বলেছেন, এই অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে। কারণ গণতন্ত্র নাই বিধায় তারা মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে ৫০০ এর বেশি মানুষকে তারা পেট্রলবোমা নিক্ষেপ করে হত্যা করেছে, সাড়ে তিন হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে।

‘চকবাজারের আগুনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে এই কথার মাধ্যমে এটিই ব্যাখ্যা দেয়া যায়, তাহলে কি পেট্রলবোমার মতো এটির সঙ্গেও তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।’

হাছান মাহমুদ বলেন, আমি ফখরুল সাহেবকে বলবো, এসব অবান্তর কথা না বলে পাশের দেশগুলোকে দেখে শিক্ষাগ্রহণ করুন।

প্রসঙ্গত, বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯টি মরদেহ শনাক্তের জন্য ৩১ স্বজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫