Skip to content

দায়মুক্তির জন্য একাত্তরের গণহত্যার প্রকৃত চিত্র খুঁজতে হবে

বাংলাভূমি ডেস্ক ॥
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির দায়মুক্তির জন্য একাত্তরের গণহত্যার প্রকৃত চিত্র খুঁজে বের করা জরুরি। সে জরিপ ও গবেষণা কাজটিই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের নেতৃত্বে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র। দেরিতে হলেও এটি অত্যন্ত শুভ উদ্যোগ।

শুক্রবার সকালে রাজধানীর বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ জরিপ গবেষণার মাধ্যমে একাত্তরের গণহত্যা, বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রের প্রকৃত সংখ্যা বেরিয়ে আসবে। আর কাজটি সফল করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের হাত সব সময় প্রসারিত থাকবে।

তিনি বলেন, একাত্তরের গণহত্যার বীভৎসতা ও নৃশংসতার ভয়াবহ কাহিনী আমি সরাসরি প্রত্যক্ষ না করলেও পরোক্ষভাবে বেশ কয়েকটি ঘটনা আমি দেখেছি ও শুনেছি।

প্রতিমন্ত্রী বলেন, খুব শীঘ্রই খুলনায় গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের নতুন ভবনের কাজ শুরু করা হবে।

গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি ড. মো. মাহবুবুর রহমান।

সেমিনারে গণহত্যা-নির্যাতন বধ্যভূমি ও গণকবর সংক্রান্ত ১০টি জেলা জরিপ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, গণহত্যা ‘নির্ঘণ্ট সিরিজ‘ বা ‘জেনোসাইড ইনডেক্স‘ নামে প্রকাশিত উপরোক্ত ১০টি গ্রন্থ নিয়ে আজকের এ দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে। গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্প এবং গণহত্যা-বধ্যভূমি ও গণকবর সংক্রান্ত জরিপে জিপিএস প্রযুক্তি ব্যবহার দক্ষিণ এশিয়ায় এটি প্রথম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫