কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ পৌর এলাকায় বাঘেরপাড়া পুলিশ চেকপোস্টে এক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক পৌনে ১টার দিকে পুলিশ প্রাইভেটকার থেকে এ মাদক উদ্ধার করে। এছাড়া একই রাতে নাগরী ইউনিয়নের টাহরদিয়া গ্রাম থেকে ১৫ পিস ইয়াবাসহ মফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, বুধবার রাতে কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহাদাত তার সঙ্গীয় ফোর্স নিয়ে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক বাঘের পাড়া নামকস্থানে চেকপোস্টে ঢাকা মেট্রো গ ১২-৫৪৪২ প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো সাত প্যাকেটে মোট ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে প্রাইভেটকারসহ তাদেরকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কমলপুর গ্রামের মোতালিব মিয়ার পুত্র মো. ফালান মিয়া (২৫) ও একই থানা ধনগাঁও গ্রামের বারেক মিয়ার পুত্র মো. রুপ মিয়া (২৪)।
তারা স্বীকার করেন যে, সীমান্তবর্তী এলাকা ব্রাক্ষণবাড়িয়া থেকে নিয়মিত গাঁজা নিয়ে দেশের বিভিন্ন জেলায় গিয়ে তা বিক্রি করতো। তারা প্রাইভেটকারযোগে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় যাওয়ার পথে বাঘেরপাড়া পুলিশ চেকপোস্টে তাদের গাঁজাসহ আটক করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে এএসআই মো. শাহাদাত বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করেন। যার নম্বর ২৮, তারিখ-২৭.৬.১৯। আজ দুপুরে ওই মাদক ব্যবসায়ীদের গাজীপুর জেলহাজতে পাঠায় পুলিশ।
এদিকে একই রাতে নাগরী ইউনিয়নের টাহরদিয়া গ্রাম থেকে আনুমানিক উলুখোলা ফাঁড়ির ইনচার্জ রুপন চন্দ্র সরকার তার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ পিস ইয়াবাসহ মফিজুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে নাগরী ইউনিয়নের টাহরদিয়া গ্রামের মৃত মো. হোসেনের পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন, যার নম্বর ২৯। তাকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
