স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈরে গরু চুরির হিরিক পড়েছে। প্রায় প্রতি রাতেই চুরি হয়ে যাচ্ছে কোরবানী উপলক্ষ্যে পালনকৃত গবাদি পশু। ফলে সর্বশান্ত হয়ে যাচ্ছে বহু গরু পালনকারী পরিবার। আগামী কোরবানীর ঈদের হাটে বিক্রির জন্য এসব গরু মোটাতাজা করা হচ্ছিল বলে জানান গরু পালনকারী ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। গত জুন মাসে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের শাহাজ উদ্দিনের ৭টি, কাজীবাড়ির সোলাইমান কাজীর ৪টি, ঠেঙ্গারবান্দ গ্রামের মাজহারুল হকের ২টি, মোঃ বাবুল মন্ডলের ২টি সহ বিভিন্ন গ্রাম থেকে এপর্যন্ত ২০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে, তবে কোন গরু উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে, গরু চুরি হওয়ার ভয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু পালনকারী ব্যক্তিরা রাত জেগে গরু পাহাড়া দিয়েও গরু রক্ষা করতে পারেছ না। এব্যাপারে মধ্যপাড়ার গরু মোটাতাজাকরন ব্যবসায়ী জানায়, গত একমাস ধরে রাতে ঘুমাতে পারছেন না।
শনিবার রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আদাবাড়ি এলাকা থেকে একই বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় নম্বর প্লেট বিহীন দুটি পিকআপ সহ গরু চোর সন্দেহে মোঃ নবী (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মো: নবী ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সাংবাগান এলাকার আব্দুল কদ্দুস মিয়ার পুত্র। গরুর মালিক মোঃ শাহাজ উদ্দিন জানায়, শনিবার গভীর রাতে তার বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, যার গরু চুরি হয়েছে, তিনি থানায় অভিযোগ দিলে আমরা অব্যশ্যই চুরি প্রতিরোধের জন্য চেষ্টা করবো।
