মীর মাসুদ করীম
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিমের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে “আমরা শিক্ষক” সংগঠন। বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় বিভিন্ন সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর “আমরা শিক্ষক” সংগঠনের আহবায়ক মোঃ শহীদুল্লাহ আজাদ লিখিত বক্তব্যে বলেন, উপজেলার পাবুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের নিয়ে গত মঙ্গলবার সকালে মাধ্যমিক শিক্ষা অফিসে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসাবে সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রহিম মোড়লকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি পদে প্রতিপক্ষ আনিছুর রহমান আরিফের পক্ষে সমর্থন না থাকায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সে কারণে আনিছুর রহমান আরিফ ক্ষুব্দ হয়ে তার লালিত বাহিনী মকবুল হোসেন মুকুল, নজরুল ইসলাম, বাদল মোড়ল, মোঃ বাবু, আয়নাল হক, ফজলুল হককে প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর লেলিয়ে দেন। ওই দিন সকাল ১১টার দিকে প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিস থেকে সভা শেষে মোটরসাইকেল যোগে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার ভ্যানু কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে যাবার পথে কাপাসিয়া বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে নামধারী সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তারা লাঠি-সোটা নিয়ে প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর হামলা করে মারাতœকভাবে আহত করে। আমরা শিক্ষক সংগঠন এ হামলাকারিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আগামী ৭ সেপ্টেম্বর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘন্টা কর্মবিরতি পালন, ক্ষোভ প্রকাশ, এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ৮ সেপ্টেম্বর স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং কেন্দ্রীয় বিভিন্ন শিক্ষক সংগঠনকে স্মারকলিপি প্রদান করা হবে।
এসময় শিক্ষক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইন উদ্দিন, সদস্য সচিব রায়হান উদ্দিন প্রধান, সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী বদু, প্রধান শিক্ষক হাসনা হেনা, সাইফুল ইসলাম, নাজমূল আহসান মতিন, মোশারফ হোসেন, ইকবাল হোসেন জসিমসহ শিক্ষক নেতৃবৃন্দ।
এদিকে বৃহস্পতিবার দুপুরে পাবুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষক লোকমান হেকিমের উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করে।
