স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) হত্যাকান্ডের মূল হোতা আব্দুল হক রনি ওরফে বাবুসহ (১৯) তিনজনকে আটক করেছে র্যাব।
আটক অন্য দুজন হলেন আওয়াল হাওলাদার (২৬) ও সুজন শাহজালাল (২১)। গত রবিবার দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে আটক করা হয় তাদেরকে।

র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো.কামরুজ্জামান বলেন, গত শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে টঙ্গী কলেজ গেইট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন কামরুল ইসলাম। গত রবিবার রাতে ওই হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার ভোরে একটি অফিসিয়াল মিটিংয়ে যোগ দিতে টঙ্গী কলেজ গেইট এলাকায় বাস থেকে নামেন কামরুল ইসলাম। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়। সকালে কলেজ গেইট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
