স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামে মদপানে দুই জনের মৃত্যু ও একজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত দেড়টার দিকে পুলিশ একজনের লাশ উদ্দার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- পাইটালবাড়ি গ্রামের আক্তার হোসেন (৬৫) ও লিয়াকত আলী (৫৫)। অসুস্থ অবস্থায় নুরুল ইসলাম (৪৫) নামে আরো এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বরমী ইউনিয়ন পরিষদের সদস্য মো. হুমায়ুন সরকার জানান, বৃহস্পতিবার তিনজন একসাথে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে মারা যান আক্তার। তাকে শুক্রবার দাফন করা হয়। এদিকে শুক্রবার বিকেলে ৫টার দিকে মারা যান লিয়াকত আলী। পরে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে রাতে লিয়াকত আলীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
তিনি আরো বলেন, অসুস্থ নুরুল ইসলামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীপুর থানা এসআই আমিনুল জানান, মদপানে দুইজনের মৃত্যু এবং একজন অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের রির্পোটের পর বিস্তারিত বলা যাবে। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।
