স্পোর্টস ডেস্ক ॥
সূচনালগ্নেই ধাক্কা খেয়েছিল সিলেট থান্ডার। জনসন চার্লসকে নিয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন আন্দ্রে ফ্লেচার। দুজনই ক্রিজে সেট খেয়ে গেছেন। রীতিমতো চোখ রাঙাচ্ছেন তারা। ব্যাটকে তলোয়ার বানিয়ে খুলনা টাইগার্স বোলারদের কচুকাটা করছেন উভয়ই।
এরই মধ্যে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন ফ্লেচার-চার্লস।রীতিমতো শাসাচ্ছেন তারা। তাতে দিশেহারা খুলনা। বোলার সেট করতেই হিমশিম খাচ্ছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ১২২ রান করেছে সিলেট। চার্লস ৬৫ ও ফ্লেচার ৫২ রান নিয়ে ব্যাট করছেন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট থান্ডার। ভূমিকাতেই রবি ফ্রাইলিংকের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন আব্দুল মজিদ।
বঙ্গবন্ধু বিপিএলে শনিবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে শুরুতে ব্যাট করতে নামে মোসাদ্দেক হোসেনের সিলেট থান্ডার।
এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে সবক’টিতে জিতেছে মুশফিকের খুলনা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। সেখানে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি মোসাদ্দেকের সিলেট। হারের বৃত্ত থেকে বের হতে চায় তারা। এজন্য এ ম্যাচে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে দলটি।
সিলেট থান্ডার একাদশ: আন্দ্রে ফ্লেচার, আব্দুল মজিদ, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, ক্রিসমার সান্তোকি, মনির হোসেন, এবাদত হোসেন, সোহাগ গাজী ও নাভিন উল হক।
খুলনা টাইগার্স একাদশ: সাইফ হাসান, রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও রবিউল হক।
