Skip to content

‘অচিন পাখি’ নাম শেখ রেহানার দেয়া : শেখ হাসিনা

বাংলাভূমি ডেস্ক ॥
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ‘অচিন পাখি’ নামটি রেখেছেন প্রধানমন্ত্রীর ছোট বোন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা।

শনিবার (২৮ ডিসেম্বর) শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ ও উড়োজাহাজ দুটির উদ্বোধনের পর কুর্মিটোলায় এক অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বাংলাদেশ বিমান ও বিমানবন্দরের উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। মন্ত্রী, সংসদ সদস্য (এমপি), বিভিন্ন সংস্থার প্রধান এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিমানবন্দরের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানে যাত্রী সেবার পাশাপাশি লাভের বিষয়টাও দেখতে হবে। টিকিট নেই, বিমান খালি যায়, এ অবস্থা যেন না চলে। এছাড়া বিমানে যাত্রীরা যাতে হয়রানি না হয় সেজন্য কর্তৃপক্ষকে কড়া নজরদারি করতে হবে। আমাদের দেশে যারা বিদেশে থাকেন তারা অত্যন্ত কষ্ট করে পয়সা উপার্জন করেন। তাদের পাঠানো টাকায় বাংলাদেশের উন্নয়ন হয়। তারা যেন কোনোক্রমেই এ বিমানবন্দরে নেমে হয়রানির শিকার না হয় এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে।’

ভাষণ শেষ করার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো থাকুক আমার সোনার তরী ও অচিন পাখি।’

উল্লেখ্য, ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ও ম্যানচেস্টার বিমানবন্দরে চলাচল করবে নতুন এ দুটি উড়োজাহাজ। আগামী ৫ জানুয়ারি থেকে ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে।

অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি ২১টি ও ইকোনমি শ্রেণি ২৪৭টিসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘সোনার তরী’ এবং গত ২৪ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে অবতরণ করে ‘অচিন পাখি’। উড়োজাহাজ দুটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৮টি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫