আজগর পাঠান
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই কালীগঞ্জে এক কলেজ ছাত্রীকে অপহরণের পর শ্লীলতাহানির অভিযোগ উত্থাপিত হয়েছে কালীগঞ্জ পৌর যুবলীগের এক নেতার বিরুদ্ধে। কালীগঞ্জ থেকে অপহৃত ওই ছাত্রীকে পূবাইলের বাড়ৈবাড়ির একটি শ্যুটিং স্পটের পাশ থেকে পুলিশ বুধবার রাতে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী জিএমপি’র পূবাইল থানায় অভিযুক্ত যুবলীগ নেতা শুক্কুর আলী (৩২)সহ দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
কালীগঞ্জ পৌরসভার বালিগাঁও গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র শুক্কুর আলী শেখ পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। শুক্কুরের বিরুদ্ধে একাধিক বিয়ে ও বহু নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে।
অপহৃত ছাত্রী কালীগঞ্জের ভাদগাতী গ্রামের বাসিন্দা। পিতৃ-মাতৃহীন ওই ছাত্রী টঙ্গী সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত।
অপহৃত ছাত্রী জানায়, একটি মিথ্যা মামলায় হয়রানি এড়াতে এক প্রতিবেশীর পরামর্শে শুক্কুরের সাথে তার পরিচয়। বুধবার রাত ৮টার দিকে স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির সাথে দেখা করার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে অপহরণের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে তাকে পূবাইলের বাড়ৈবাড়ি এলাকার শাহীন স্যুটিং স্পটে নিয়ে যায়। সেখানে শুক্কর তার শ্লীলতাহানি ও খারাপ কাজের জন্য টেনে হিঁচড়ে একটি ঘরে ঢোকানোর চেষ্টা করলে তিনি চিৎকার করেন। এসময় আশেপাশের লোকজন ছুটে আসলে শুক্কুর আলী পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
অপহৃত ওই ছাত্রী আরো বলেন, মামলা না করার জন্য কালীগঞ্জের অনেক নেতা-ই পূবাইল থানায় এসে আমাকে হুমকি-ধামকি দিয়েছে। আমার বাবা-মা নেই। বর্তমানে তাদের হুমকির কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
যুবলীগ নেতা শুক্কুর আলী সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মেয়েটির থাকার জায়গা নেই বলে আমাকে জানালে রাতে মোটর সাইকেলে পূবাইলের শাহীন সুটিং স্পটে একটি রুম ভাড়া করে রেখে আসতে গিয়েছিলাম। মেয়েটি গেইটের সামনে থেকে দৌড়ে পালিয়ে গেলে আমিও চলে আসি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, ‘নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর আলী এবং সহযোগী আলীকে আসামি করে অপহৃত ওই ছাত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় পূবাইল থানায় একটি মামলা {০২(১)২০২০} দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
