Skip to content

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে

বাংলাভূমি ডেস্ক ॥
গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে দুদকের জনসংযোগ দফতর জানিয়েছে।

মোসলেহ উদ্দিন ছাড়াও আরও যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- এম জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন ও ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের (এনডিই) ব্যবস্থাপনা পরিচালক রেজাউন মোস্তাফিজ।

ঠিকাদারি কাজে অনিয়ম, সরকারি অর্থ আত্মসাত এবং ক্যাসিনোসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অনুসন্ধানের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের ঘুষ দিয়ে ঠিকাদারি কাজ নেয়া, সরকারি অর্থ আত্মসাত এবং ক্যাসিনোসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন ঠিকাদার জি কে শামীমসহ গণপূর্তের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই অভিযোগ খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ অবৈধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ধারাবাহিকতায় অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ২০ টি মামলা দায়ের করেছে সংস্থাটি।
কমিশনের পরিচালক সৈয়দ ইকবালের হোসেনের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন। টিমের অপর সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫