Skip to content

গাজীপুরে উদ্ধারকৃত জবাই করা লাশটি পুলিশ সদস্যের

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের কাছ থেকে গত ৪ মার্চ উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের জবাইকৃত লাশের পরিচয় বের করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধারকৃত ওই লাশটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্যের। তার নাম মো. শরীফ আহামেদ (৩৩)। তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার ঝিলকি এলাকার মো. আলাউদ্দিন ফকিরের ছেলে। নিহত শরীফ আহমেদ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগে প্রায় ৬ মাস ধরে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত ৮ মার্চ বেওয়ারিশ হিসেবে তার লাশ গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা কবরাস্থানে দাফন করা হয়। নিহতের বাবা মো. আলাউদ্দিন হোসেন একজন পুলিশ সদস্য। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা শহর ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত।

বৃহ¯পতিবার দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কবর থেকে লাশ উত্তোলনের জন্য আবেদন করা হয়। পরে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর সদর মেট্রোথানার এসআই লুৎফর রহমান বলেন, বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের চার দিনের মাথায় নিহতের ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, গত ৪ মার্চ দুপুরে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের কাছে রাস্তার পূর্ব পাশ থেকে পুলিশ কনস্টেবল শরীফ আহমেদের জবাই করা লাশ উদ্ধার করা হয়। এরপর লাশের ময়নাতদন্ত করে ও ফিঙ্গার প্রিন্ট নিয়েও তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। গত ৮ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়। তখনও পুলিশ সদস্যরা জানতো না এটি তাদের সহকর্মী পুলিশ সদস্যের লাশ।

এদিকে, গত ৩ মার্চ শরীফ নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা পুলিশ কনস্টেবল মোঃ আলাউদ্দিন টঙ্গী পূর্ব থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, ২১ দিন ছুটি কাটিয়ে গত ২ মার্চ কর্মস্থলে যোগ দেন শরীফ। সর্বশেষ ৩ মার্চ রাত ১১টা ১০ মিনিটে তার স্ত্রী ও ছেলের সঙ্গে ফোনে কথা বলেন। এরপর থেকে তার কোনও হদিস পাওয়া যাচ্ছিল না।

নিহতের মামা আব্দুস সালাম বলেন, শরীফ একজন পুলিশ সদস্য ছিল। তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা অত্যন্ত দুঃখজনক। তার মুখমন্ডল বিকৃত হয়নি। দেখে স্পষ্ট বুঝা যায় এটিই শরীফ। তিনি আরও বলেন, গত বুধবার রাত ১০টার দিকে গাজীপুর পিবিআইয়ের এসআই সুমন ফোন করে লাশ পরিচয় শনাক্তের কথা জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫