Skip to content

করোনা আতঙ্কের মধ্যে তিন আসনে ভোটগ্রহণ চলছে

বাংলাভূমি ডেস্ক ॥
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এর মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি দুটি আসনে ব্যালট পেপারে ভোট নেয়া হবে। বাগেরহাট-৪ আসন ছাড়া বাকি দুটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী রয়েছে।

বাগেরহাট-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে করোনার কারণে এ নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম হওয়ার আশঙ্কা করছে খোদ নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি এ তিনটি আসনের তফসিল ঘোষণা করে ইসি।

এদিকে ইভিএমে ভোট হলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘ইভিএম মেশিনে ভোট প্রদানের ক্ষেত্রে একই মেশিনে অসংখ্য মানুষের আঙুলের চাপ পড়ে। এ কারণে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি ইভিএম মেশিনে ভোট দেন তাহলে তার মাধ্যমে এটি অনেকের মাঝে সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হবে।’

এদিকে নির্বাচনকালীন ভোটারদের করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভোটকেন্দ্রে যাওয়ার আগে এবং ভোট দেয়ার পর হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এছাড়াও ভোটারদের নিরাপত্তার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক ব্যানার টানানো থাকবে বলেও জানান তিনি।

ঢাকা-১০ আসন : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর ওয়ার্ড নিয়ে এ সংসদীয় আসন গঠিত। এই আসনের মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭৭৬। এই নির্বাচনে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ থেকে মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আবদুর রহিম, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান।

বাগেরহাট-৪ : জেলার মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে এই আসন। এতে মোট ভোটার দুই লাখ ৯৭ হাজার ৪৩৪ জন। ভোটকেন্দ্র ১৪৩টি এবং ভোটকক্ষ ৬২৯। এই নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগে মো. আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টি থেকে সাজন কুমার মিস্ত্রী।

গাইবান্ধা-৩ : জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসন। এতে মোট ভোটার চার লাখ আট হাজার ৭৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৩২ এবং ভোটকক্ষ ৭৮৬টি। এই নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মইনুল রাব্বী চৌধুরী এবং জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫