স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।
রোববার বিকেলে মহানগরের টঙ্গীর মরকুন বেপারিপাড়ায় বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। নিহত আফ্রিদ মাহমুদ সাদ (১৩) এলাকার আক্তার হোসেনের বড় সন্তান।
গতকাল নিজ বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল আফ্রিদ। ঘুড়ি পাশে থাকা নারিকেলগাছে আটকে যায়। সেই ঘুড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে আফ্রিদ মারা যায়।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় মরকুন বেপারিপাড়া বালুরমাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আফ্রিদ ঢাকার পোস্তগোলার ফরিদাবাদ জামিয়া নুরে মদিনা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ নোমান জানান, আফ্রিদ কোরআনের ১২ পারা মুখস্থ করেছিল। আফ্রিদের পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।
