স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী লীগের অন্যতম সহযোগী এ সংগঠনটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
প্রতিবছরে নানা কর্মসূচীতে পালন করলেও এবছর একটু ভিন্ন আঙ্গিকে পালন করা হবে দিনটি
একদিকে করোনাভাইরাস ও অন্যদিকে চলমান বন্যা পরিস্থিতির কারণে এবার মানবিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে সংগঠনটির নেতাকর্মীরা।
ফলে এবার পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে সংগঠনটিক।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, এবার একটু ভিন্ন আঙ্গিকে দিনটি পালন করা হবে। ব্যাপক কোনো কর্মসূচি হাতে নেয়া হয়নি, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কর্মসূচি পালন করা হবে। আমরা এ বছর মানবিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো।
এদিকে সকাল সাড়ে ৭ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের অনেক জেলা ও উপজেলা শাখায়ও একই ধরণের কর্মসূচি পালন করবে নেতাকর্মীরা।
আজ সোমবার বিকেলে এক আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সে বক্তব্য রাখবেন।
এছাড়াও বন্যা কবলিত এলাকায় খাবার বিতরণ, সারাদেশে দুস্থদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।
