স্পোর্টস ডেস্ক ॥
বুধবার রাতে স্প্যানিশ ক্লাব গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ম্যাচের প্রথম গোলটি করেছেন বেলজিয়ান তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু। যিনি চলতি মৌসুমেই যোগ দিয়েছেন ইন্টারে।
এই গোলের মাধ্যমে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন লুকাকু। ইতালিয়ান ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই ৩০ গোল করে ফেলেছেন লুকাকু। ১৯৯৭ সালে বার্সেলোনা থেকে ইন্টারে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ৩০ গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো দ্য লিমা।
প্রায় ২৩ বছর পর একই কীর্তি গড়লেন রোমেলু লুকাকু। এবারই প্রথম কোনো মৌসুমে ৩০ গোল করলেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করা ২৭ গোলই ছিল তার সেরা পরিসংখ্যান।
