স্টাফ রিপোর্টার ॥
কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে করা মামলার পূর্ণ শুনানি আজ বৃহস্পতিবার কুয়েতের আদালতে শুরু হচ্ছে।
পাপুলের সঙ্গে সম্পৃক্ততা থাকা এবং তাকে সহযোগিতা করার অভিযোগে কুয়েতের পার্লামেন্টের দুই সদস্য সাদাউন হামাদ ও সালাহ খুরশিদ, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহ এবং অন্য দুই সরকারি কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল খাদের ও নওয়াফ আলী আল শালাহিকে আজ আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সর্বশেষ তার আটকের মেয়াদ ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশেও পাপুল ও তার পরিবারের সদস্যদের বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
