স্টাফ রিপোর্টার ॥
রাষ্ট্রনায়ক হিসেবে জাতির কাছে সব ধরনের কমিটমেন্ট রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ওয়েবিনার ‘তারুণ্যের অনুপ্রেরণা শেখ হাসিনা’ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিশেষ এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনা এ উপমহাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র৷ বাংলাদেশের ১৬ কোটি মানুষের আশা ভরসা শেখ হাসিনা। গ্রামে জন্মগ্রহণ করে সহজ সরল জীবন-যাপন করেন শেখ হাসিনা। পিতার কাছ থেকে রাজনীতি দেখেই তিনি এ বাঙালি জাতির প্রতি দায়িত্ববোধ, মমত্ববোধ প্রকট আকারে ধারণ করেন। শেখ হাসিনা যেমন মায়া মমতা দিয়ে অসহায় মানুষের পাশে ছিলেন ঠিক তেমনভাবে রাজনৈতিকভাবে সফল রাষ্ট্রনায়ক হিসেবে জাতির কাছে সব ধরনের কমিটমেন্ট রক্ষা করেছেন।
