মোঃ নজরুল ইসলাম আজহার
বিশেষ প্রতিনিধি॥
গাজীপুর: গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, একটি সুন্দর সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। যে আওয়ামী লীগ হবে জনকল্যাণ মূলক আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ হবে নেশা ও দুর্নীতি মুক্ত আওয়ামী লীগ। এ আওয়ামী লীগ হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় এলাকার উন্নয়নে মানুষের অধিকার নিয়ে কাজ করার আওয়ামী লীগ।
তিনি রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মারতা উচ্চ বিদ্যালয় মাঠে প্রহলাদপুর ইউনিয়নের ৩, ৭ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সম্মেলনে প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল আলম প্রধান ও শ্রীপুর পৌর মেয়র মোঃ আনিসুর রহমান।
প্রধান অতিথি আরো বলেন, এমন একটি আওয়ামী লীগ গড়ে তুলতে হবে, যে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সৃষ্টি হয়। এজন্য প্রত্যেকটি নেতা-কর্মীকে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। পাড়া-মহল্লার দোকানদার, রিক্স্রাওয়ালা, খেটে খাওয়া মানুষ, শ্রমিক ও বিভিন্ন স্তরের প্রত্যেকটা মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের মূলমন্ত্র। তবেই মাননীয় শেখ হাসিনা ও তাঁর আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা সৃষ্টি হবে।
প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও লুৎফর নাহার, গাজীপুর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দেলু, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আমির হামজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, আওয়ামী লীগে নেতা কফিল উদ্দিন মন্ডল, প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এ্যাড. রাজীব হোসেন, যুগ্ম আহ্বায়ক শামিম শেখ, ফারুক হোসেন জয়, হারুন খান প্রমুখ।

