Skip to content

সন্তানের অভাব পূরণে অন্যের বাচ্চা চুরি, স্বামী-স্ত্রী গ্রেফতার

জাহিদ হাসান ভূঁইয়া
শিক্ষানবিস রিপোর্টার ॥
গাজীপুর: নিজের সন্তান না হওয়ায় সন্তানের অভাব পূরণে শ্রীপুর থেকে ৫ মাস বয়সী এক কন্যা শিশুকে চুরি করায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় শিশুটিকে উদ্ধার করে তাঁর মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

সংবাদ সম্মেলনে বলা হয়, টাঙ্গাইল মির্জাপুরের শশদরপটি এলাকার বাদল মিয়ার পুত্র হৃদয় মাহমুদ (৩১) ও হৃদয়ের স্ত্রী মিতু ওরফে সোনালী আক্তার (২৩) দেড় মাস পূর্বে শ্রীপুর উপজেলার ধানুয়া গ্রামে ভিক্টিমের বাড়ির পাশে বাসা ভাড়া নেন। পরে মিতু তার প্রতিবেশী ভিক্টিমের মা মোছা: লাইজু বেগমসহ অন্যান্য প্রতিবেশীদের সাথে সখ্যতা গড়ে তুলেন। গত ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে লাইজু বেগম তার ৫ মাস বয়সী কন্যাকে মিতু ওরফে সোনালী আক্তারের কাছে রেখে গোসল করতে যান। গোসল করে বেরিয়ে দেখেন সোনালী আক্তার নেই, তার বাচ্চাটিও নেই। পরে তাৎক্ষণিক আশেপাশে খুঁজে না পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা রুজু করেন। পরে পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টাঙ্গাইল মির্জাপুর থেকে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশুটিকে উদ্ধার করে এবং মিতু-হৃদয়কে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে এসপি শামসুন্নাহার বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আল মামুনকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করি। পরে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টাঙ্গাইল মির্জাপুরের মিরদেওহাট গ্রামের সালামের বাড়ি হতে শিশুটিকে উদ্বার এবং স্বামী-স্ত্রী মিতু ও হৃদয়কে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মিতু ও হৃদয় শ্রীপুরের ভাড়া বাসায় তাদের নিজেদের কোন পরিচয় দেননি। এমনকি আশে পাশের কেউ তাদের ঠিকানাও জানতেন না। একদিন এক প্রতিবেশীর মোবাইল ফোন দিয়ে মিতু তার মায়ের কাছে ফোন দিয়ে কথা বলে কৌশলে নাম্বারটি কেটে দেন। পুলিশ ওই নাম্বারটি সিডিআরের মাধ্যমে এর সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্বার করে।

আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ১০-১২ বছরের দাম্পত্য জীবনে নিজেদের সন্তান না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে তারা এ ঘটনা ঘটান এবং জিজ্ঞাসাবাদের পর আরও নতুন কোনো তথ্য জানা গেলে সেটা জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫