Skip to content

প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥
দেশের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর লালবাগের আমলীগোলা পার্কে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনের ব্যবস্থাপনায় দুই মাসব্যাপী কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

জি এম কাদের বলেন, যারা সারাদিন খাবার জোগাড় করতে সংগ্রাম করে, যারা লকডাউন হলে ক্ষুধার তাড়নায় আইন ভঙ্গ করে খাবারের জন্য- তাদের পক্ষে পয়সা দিয়ে ভ্যাকসিন নেয়া অসম্ভব হয়ে পড়বে। দেশের প্রায় ৯০ ভাগ মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেয়া সম্ভব হবে না। সবার জন্য সরকারিভাবে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শীতের সঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে গেছে কিন্তু করোনা চিকিৎসায় দৃশ্যমান প্রস্তুতি নেই মন্ত্রণালয়ের। বেশিরভাগ হাসপাতালে লাইফ সাপোর্ট ও অক্সিজেন সহায়তা নেই বললেই চলে।

সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ আক্রান্ত হলে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন অথবা মারা যাচ্ছেন। দেশের প্রতিটি হাসপাতালে করোনা চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। শুধু জাতীয় পার্টিই পারে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিতে। মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি।

বিএনএস গ্রুপের চেয়ারম্যান এনএমএইচ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ ও হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫