Skip to content

অভিনেতা দিলুর জীবনাবসান

বিনোদন ডেস্ক ॥
মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় মুখ মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই।

মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি … রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন দিলুর বড় ভাই আতাউর রহমান।

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন– ‘আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা, কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৩৫ মিনিটে এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন।’

তিনি আরও লিখেছেন– ‘সে জীবনযুদ্ধে যেমন ছিল এক পরাক্রান্ত সৈনিক, তেমনি ছিল এক বর্ণিল জীবনের অধিকারী। তার আত্মার চির শান্তি কামনাই দেশবাসীর কাছে আমাদের প্রত্যাশা।’

চলতি মাসের শুরুর দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী মুজিবুর রহমান দিলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও দিলুর ফুসফুসে সংক্রমণ ৭০ শতাংশ ছাড়িয়ে যায়। একই সঙ্গে হার্টবিট কমে যায়। তাকে রাখায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলেন দিলু।

দিলুর অভিনয় শুরু মঞ্চ থেকে। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। ১৯৭৬ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করেন।

শহীদুল্লাহ কায়সারের লেখা সংশপ্তক নাটকের মালু চরিত্রে অভিনয় মুজিবুর রহমান দিলুকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

মঞ্চে তিনি রাজ করেছেন দীর্ঘদিন। ‘আরেক ফাল্গুন’, ‘ওমা কী তামাশা’ ‘আমি গাধা বলছি’, তার উল্লেখযোগ্য মঞ্চনাটক।

১৯৫২ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন দিলু। পেশাগত জীবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ছিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫