Skip to content

পুতিনবিরোধী নাভালনির স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিকে এবার আটক করেছে দেশটির পুলিশ। পুতিনবিরোধী হিসেবে পরিচিত কারাবন্দি আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে রাশিয়াজুড়ে চলা বিক্ষোভের মধ্যে তার স্ত্রীকে আটক করা হলো। খবর বিজনেস ইনসাইডান ও হিন্দুস্তান টাইমসের।
শনিবার মস্কোতে সমাবেশ চলাকালে ইউলিয়া নাভালনিকে আটক করা হয়। এই বিক্ষোভ থেকে কয়েক হাজার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আটক হওয়ার কথা জানান ইউলিয়া। পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে এমন একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নাভালনির স্ত্রী।

নাভালনির মুক্তির দাবিতে শনিবার রাশিয়াজুড়ে ৯০টির মতো সমাবেশ হয়েছে। সহস্রাধিক রাজনৈতিক নেতাকে এসব বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ এসব বিক্ষোভ সমাবেশকে অবৈধ বলে দাবি করেছে। সেই সঙ্গে ঘোষণা দিয়েছে বিক্ষোভ আয়োজনকারীদের ধরা হবে।

জার্মানি থেকে রাশিয়ায় ফেরার পর ১৭ জানুয়ারি নাভালনিকে গ্রেফতার করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি চিকিৎসা নিয়ে দেশে ফিরলে ওই দিনই তাকে বিমানবন্দরে আটক করা হয়। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠান মস্কোর একটি আদালত।

নাভালনিকে গত বছর বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। যদিও এ বিষয়টি ক্রেমলিন বারবার অস্বীকার করেছে। তবে সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা পাওয়া গেছে।

গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি। উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানা যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫