স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবৈধ মাটি বিক্রি করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতার অংশ হিসেবে এমন অভিযান চলমান রয়েছে।
গতকাল (১২ই ফেব্রুয়ারী) মধ্য রাতে মাওনা ইউনিয়নের ভেরামতলী গ্রামের তারুবিথী পিকনিক স্পটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।
সহকারী কমিশনার (ভূমি) কতৃক স্বাক্ষরকৃত কয়েদের পরোয়ানা থেকে জানা যায় কারাদন্ড প্রাপ্ত দু’জন হলেন, ১| আরিফ গাজী (৪০), পিতা-আব্দুল আলেক ব্যাপারী ২| মঞ্জুরুল ইসলাম (২৮), পিতা-সিরাজুল ইসলাম, উভয় সাং-পিরুজালী, গাজীপুর সদর গাজীপুর। অভিযান চলাকালে মাটি ব্যবসায়ী অপরাধ স্বীকার করায় “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০” এর ৭(ক) এর ১৫ (১) ধারায় তাদের ৩ (তিন) মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়।

একই স্থানে এর আগে ৩রা ফেব্রুয়ারী গভীর রাতে অভিযান পরিচালনা করে এক্সাভেটর সহ বারোটি ডাম্প ট্রাক জব্দ করে এবং চার লক্ষ টাকা জরিমানা করে অবৈধ মাটি ব্যবসায় নিরুৎসাহিত করেছিলো উপজেলা প্রশাসন। পরিবেশ ও কৃষির ভারসাম্য রক্ষায় পুনরায় একই স্থানে অবৈধ মাটি কাটার লাগাম টানতে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে প্রশাসন।
এ বিষয়ে ভূমি কমিশনার আতাহার শাকিল বাংলাভূমিকে বলেন, পরিবেশের ভারসাম্য, কৃষি জমি ও জলাধার রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
