রহিম সৈকত
চট্টগ্রাম ব্যুরোঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৯ জন নারী ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপুর সীমান্ত দিয়ে এই পুশইন ঘটানো হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, “মাত্র আট দিনের ব্যবধানে আবারো বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে।” বর্তমানে তাদেরকে স্থানীয় বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। যাচাই—বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে, চলতি বছরের ১৯ জুন, একই উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে একইভাবে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ।
সীমান্ত এলাকায় ক্রমাগত এই ধরনের ঘটনার ফলে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বাড়ছে। বিশেষ করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত এলাকা হয়ে বারবার এ ধরনের পুশইনের ঘটনা ঘটায় বাংলাদেশ সীমান্তরক্ষীদের জন্যও বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
