Skip to content

চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারের অভিযোগ: ইসলাম উদ্দিনের গ্রেপ্তার ও বহিষ্কার দাবি 

> দল থেকে বহিষ্কারের দাবি তৃণমূলের, নড়েচড়ে বসেছে বিএনপি হাইকমান্ড

শাহান সাহাবুদ্দিন, বিশেষ প্রতিনিধি

গাজীপুরের বাঘেরবাজার এখন উত্তপ্ত। জমি দখল, চাঁদাবাজি ও অটোচালকদের ওপর নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা ও কথিত ব্যবসায়ী ইসলাম উদ্দিনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার অংশে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভে কয়েক শ মানুষ অংশ নেয়।

বক্তারা বলেন, ইসলাম উদ্দিনের নেতৃত্বে একটি ভূমিখেকো চক্র গড়ে উঠেছে, যারা শুধু জমি নয়—অটোরিকশা স্ট্যান্ড, ঝুট ব্যবসা, এমনকি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে জনজীবনে দখলদারিত্ব কায়েম করেছে।

গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজ বলেন, “ইসলাম উদ্দিন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাস করছে। আমাদের দল এর দায় নেবে না বলে আমরা বিশ্বাস করি।”

সাইফুল ইসলাম, একই সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক বলেন, “যে ব্যক্তি মানুষ পেটায়, দখল করে, তাকে দলে রাখা বিএনপির আদর্শবিরোধী। দল থেকে বহিষ্কারই একমাত্র উপযুক্ত বিচার।”

ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন বলেন, “শুধু চাঁদাবাজি নয়, ইসলাম উদ্দিন বিএনপির ভেতরে আওয়ামী প্রেতাত্মা হয়ে উঠেছে। তার অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ।”

স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বলেন, “আগে ছিল আওয়ামী অনুগামী। ইসলাম উদ্দিন এখন নতুন চামড়া গায়ে দিয়েছে। অথচ মনুষ্যত্ব হারিয়েছে বহু আগেই।”

রাকিব সরকার ও সোহাগ হোসেন বলেন, “আমরা সৎভাবে অটো চালিয়ে জীবন চালাতে চাই। কিন্তু ইসলাম উদ্দিনের সন্ত্রাসী বাহিনী আমাদের সম্মান আর রুটি দুটোই কেড়ে নিচ্ছে।”

ছাত্রদল নেতা তানভীর তরিকুল বলেন, “এইসব চরিত্র দলকে ধ্বংস করে দেয়। ইসলাম উদ্দিনকে এখনই দল থেকে বহিষ্কার না করলে ভবিষ্যতে দলের ভাবমূর্তি নষ্ট হবে।”

শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাঘেরবাজার-সাফারি পার্ক সড়কে চাঁদা তুলতে গিয়ে চালকদের বাধার মুখে পড়লে, ইসলাম উদ্দিনের লোকজন একজন চালককে মারধর করে এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী দেলোয়ার হোসেনকে ধরে তার দোকানে আটকে রেখে নির্যাতন চালায়। পরে পুলিশ গিয়ে দেলোয়ারকে উদ্ধার করে।

রবিবার (১৩ জুলাই) দেলোয়ার হোসেন জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করে দায়ের করা মামলায় দ্বিতীয় আসামী শহিদুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ আহম্মেদ দৈনিক বাংলাভূমিকে বলেন, “ইসলাম উদ্দিন এখনো পলাতক। গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে। কোনো ছাড় নেই।”

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের মুসুল্লী বলেন, “ইসলাম উদ্দিনের অপকর্ম নিয়ে হাইকমান্ডকে জানিয়েছি। দুদিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি কোনো চাঁদাবাজ, লুটপাটকারী বা ভূমিদস্যুর আশ্রয়স্থল নয়।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫