Skip to content

নদী আমাদের সম্পদ, নদীকে বাঁচাতে হবে

নদী বাঁচাতে চাই—
# সুসংগঠিত পরিকল্পনা,
# প্রশাসনিক সদিচ্ছা
# স্কুল—কলেজে নদী বিষয়ে শিক্ষা চালু,
# নদীর পাড়ে সবুজ বেষ্টনী তৈরি

নদীর বুকে চাঁদের আলো পড়ে রূপ নেয় এক অপরূপ সৌন্দর্য। কূলঘেঁষা কাশবন, ঝিরিঝিরি বাতাস আর ঢেউয়ের ছন্দময় শব্দ মানুষের হৃদয়ে সৃষ্টি করে প্রশান্তি। ভোরের নৌকা, সন্ধ্যার পাখির দল—সব মিলিয়ে নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি এক অনন্য বৈচিত্রে ভরপুর।

নদী একটি জীবন্ত সত্ত্বা। নদীর যেমন প্রাণ আছে তেমনি নদীও বাংলাদেশের প্রাণ। একে ঘিরেই গড়ে উঠেছে এ দেশের ভূপ্রকৃতি, কৃষি, পরিবেশ ও অর্থনীতি। নদী শুধু একটি পানির ধারা নয়; এটি আমাদের সংস্কৃতি, সভ্যতা এবং জীবনের অনন্য অনুষঙ্গ। অথচ আজ এই নদীগুলো অস্তিত্ব সংকটে। দখল ও দূষণের করাল গ্রাসে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে আমাদের প্রাণের নদী।

নদী আমাদের খাদ্য, পানি ও পরিবহনের উৎস। দেশের প্রধান কৃষি উৎপাদন নদীর সেচ নির্ভর। নদীর বালু ও মাছ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নদী পথকে ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন পণ্য পরিবহনের সহজ মাধ্যম। আবার বন্যা, খরা কিংবা জলাবদ্ধতা—সবকিছুই নদী ব্যবস্থাপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

দুঃখজনকভাবে, নদীর দুই তীর অবৈধভাবে দখল করে চলছে নির্মাণ ও শিল্পকারখানা স্থাপন। শিল্পবর্জ্য ও মলমূত্র ফেলে নদীকে করা হচ্ছে দূষিত ও প্রাণহীন। অনিয়ন্ত্রিত বালু উত্তোলন এবং দখল—দূষণ রোধে কঠোর আইন থাকলেও প্রয়োগে রয়েছে গাফিলতি।
নদী রক্ষায় চাই সুসংগঠিত পরিকল্পনা, প্রশাসনিক সদিচ্ছা এবং জনসচেতনতা। স্কুল—কলেজে নদী বিষয়ে শিক্ষা চালু, দখলদারদের বিরুদ্ধে দ্রুত বিচার, নদীর পাড়ে সবুজ বেষ্টনী তৈরির মতো কার্যকর উদ্যোগ নিতে হবে এখনই।

নদী হারালে হারাবে জীবন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে হলে নদীকে বাঁচাতে হবে। নদী শুধু পানি নয়—এ দেশের মানুষের হাসি—কান্না, আশা—ভবিষ্যৎও নদীর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আসুন, সবাই মিলে বলি—

‘নদী আমাদের সম্পদ, নদীকে বাঁচাতে হবে।’

প্রকৌশলী মো: নূরুল আলম
যুগ্ম—সাধারণ সম্পাদক
বাংলাদেশ নদী পরিব্রাজক দল (BRTN)
গাজীপুর জেলা শাখা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫