নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে শিশু দুইটি চাচাতো ও জেঠাতো ভাই—বোন। ২০ (নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন শ্রীরামপুর পশ্চিম পাড়ার হাফেজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের বাহরাইন প্রবাসী আহসানের কন্যা সাদিয়া (৩) ও সালাউদ্দিনের পুত্র আরিয়ান (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশু দু’টি বাড়ির পাশেই খেলা করছিল। পরিবার—পরিজনেরও ধারণা ছিল তারা আঙিনা বা বাড়ির ভেতরেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ তাদের দেখা না গেলে সবাই খোঁজা—খুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার জুড়ে চলছে আহাজারি। স্বজনরা বলছেন, দুজনই ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল। তাদের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, বিভিন্ন মাধ্যমে জেনেছি, শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।
