বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা চলছে। এর প্রেক্ষিতে রাতে ৭টি শহরে অনির্দিষ্টকালের কারফিউ দেয়া হয়। শুক্রবার মুসলমানরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান ও মিছিল করলে এর প্রতিবাদে রাজপথে নেমে আসে হিন্দুরা। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। ক্ষুব্ধ জনতা কারফিউ ভাঙার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষাকারীরা তাতে গুলি ছোড়ে। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়েছে, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় দু’শ’ কিলোমিটার দক্ষিণ পূর্বে কিশতাওয়ার শহরে দুই সমপ্রদায়ের মধ্যে শুক্রবারের দাঙ্গায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বিশজনের বেশি। শুক্রবার ঈদের নামাজের পর এলাকার মুসলমান সমপ্রদায়ের কয়েক শ’ মানুষ তাদের স্বাধীনতার পক্ষে ভারত-বিরোধী স্লোগান দিলে হিন্দুরা তার প্রতিবাদ জানায়। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত। শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই সমপ্রদায়ের মানুষ আগ্নেয়াস্ত্র, ইটপাটকেল এবং লাঠিসোটা নিয়ে রাস্তায় খণ্ডযুদ্ধ চালায়। সহিংসতার জেরে কিশতাওয়ার শহরের বেশ কিছু দোকানপাট, পেট্রোল স্টেশন এবং দুটি হোটেলে ক্রুদ্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। কয়েক ঘণ্টা ধরে সহিংসতা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর কয়েক শ’ সেনাকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। রাজ্য পুলিশের মহাসচিব অশোক প্রসাদকে উদ্ধৃত করে একটি বার্তা সংস্থার খবরে বলা হচ্ছে শহরে এখনও উত্তেজনা রয়েছে। তিনি বলেছেন, উত্তেজিত ও ক্রুদ্ধ মানুষকে কারফিউ সম্পর্কে সাবধান করতে এবং তাদের ঘরে থাকার নির্দেশ দিয়ে নিরাপত্তা বাহিনী সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। তিনি বলেছেন, কর্তৃপক্ষ কড়াহাতে পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি আছে এবং তারা দুষ্কৃতকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে শহরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ দাঙ্গার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে। এই সহিংসতার প্রতিবাদে কট্টর বিচ্ছিন্নতাবাদীদের ডাকে শ্রীনগরে আজ ধর্মঘট পালিত হচ্ছে। দোকানপাট ও ব্যবসাবাণিজ্য বন্ধ রয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকেও জম্মুতে আজ হরতালের ডাক দেয়া হয়। কাশ্মীরে ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীনতার দাবিতে ১৯৮৯ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছে।
কাশ্মীরে দাঙ্গা, কারফিউ
আপডেট :August 12, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
