স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি কয়েদি ছিনতাইয়ের পর উৎকোচের বিনিময়ে হাজতখানায় আসামিদের সঙ্গে আত্মীয়-স্বজনের দেখা-সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রতিবাদে আসামিরা হাজতখানায় ভাঙচুর চালিয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর কোর্ট হাজতখানায় ওই ঘটনা ঘটে।
সূত্র জানায়, বেশ কয়েকদিন যাবৎ আসামিদের সঙ্গে আত্মীয়-স্বজনের সাক্ষাৎ করতে না দেওয়ায় সাড়ে ১২টার দিকে হাজতখানায় আসামিরা হইচই শুরু করেন। এক পর্যায়ে তারা হাজতখানার দরজা ও জানালা ভাঙচুর করেন।
গাজীপুর কোর্ট পুলিশের এক কনস্টেবল জানান, আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাত বন্ধ হয়ে যাওয়ায় হাজতে আসামিরা ভাঙচুর করেছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
