স্পোর্টস ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) সংযুক্ত আরব আমিরাত অধ্যায়টি স্মরণীয় হয়েই থাকলো। মরু দেশে বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এই টুর্নামেন্টের শেষ ম্যাচে চলতি আসরের প্রথম সুপার ওভার উত্তেজনা অনুভব করার সুযোগ পেলো ক্রিকেটপ্রেমীরা। আর এই উপভোগ্য নাটকীয়তায় দুই দলের সংগ্রহ সমান হলেও বেশী বাউন্ডারি হাঁকানোর সুবাদে কোলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কৃতিত্বপূর্ণ জয় পেল রাজস্থান রয়্যালস।
তীব্র নাটকীয়তা ঠাসা এই ম্যাচে রাজস্থানের দুই অসি ক্রিকেটার অধিনায়ক শেন ওয়াটসন ও স্টিভেন স্মিথ অসামান্য পেশাদারিত্ব দেখিয়ে দলকে কৃতিত্বপূর্ণ জয় পাইয়ে দেন। জয়ের জন্য সুপার ওভারে ১২ রান নিয়ে খেলতে নামা রাজস্থানের টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার সুনীল নারাইনের করা ওভারের প্রথম ৫ বল থেকে ৯ রান তুলতে সক্ষম হন অসি জুটি।
ফলে শেষ বল থেকে জয়ের জন্য দরকার হয় ৩ রান। কিন্তু বেশী বাউন্ডারি হাঁকানোর সুবাদে ম্যাচ আরেক দফা টাই হলেও জিতে যাবে রাজস্থান। টুর্নামেন্টের বাই লজ জানা ছিলো তাদের। এ কারনেই শেষ বলে চাতুর্যের সঙ্গে খেলে অনায়াসে ২ রান তুলে নেন স্মিথ। আর স্মরণীয় জয় পেয়ে যায় রাজস্থান। এর আগে প্রথমে ব্যাট করে প্রথম বলেই ২ রান নিতে গিয়ে রান আউট হন সাকিবের সঙ্গী সুর্যকুমার যাদব। মনিশ পান্ডে একটি ছক্কা হাঁকালেও শেষ বলে ২ রান নিতে গিয়ে আরেকটি রান আউটের শিকার হন সাকিব। ফলে কোলকাতা মাত্র ১১ রান করে শঙ্কায় ফেলে সমর্থকদের।
এর আগে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক গৌতম গাম্ভীরের বিপর্যয় এড়ানো সাবধানী ব্যাটিং এবং সুর্যকুমার যাদব ও সাকিব আল হাসানের দুর্দান্ত প্রচেষ্টায় উত্তেজনাকর ম্যাচে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫২ রান করে ম্যাচ টাই করতে সক্ষম হয় কোলকাতা। বাদ পড়ায় শঙ্কায় জর্জরিত গাম্ভীর বেমানান ব্যাটিং করে ৪৪ বলে ৪ চারে ৪৫ রান করেন। এছাড়াও যাদব মাত্র ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান এবং সাকিব ১৮ বলে ৩ চারে ২৯ রানের হার না মানা ইনিংস খেলে দলকে হারের কবল থেকে রক্ষা করেন।
রাজস্থানের পক্ষে জেমস ফোকনার ২ ওভারে ১১ রানে ৩ উইকেট এবং প্রভিন তাম্বে ৩১ রানে ২ উইকেট নেন। ফোকনার সুপার ওভারসহ অসাধারণ বোলিং নৈপূণ্যের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে মূলতঃ ওপেনার আজিঙ্কা রাহানের চমৎকার ব্যাটিংয়ে। মাত্র ৫৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৭২ রানের উপভোগ্য ইনিংস খেলেন তিনি। এছাড়াও অধিনায়ক ওয়াটসন মাত্র ২৪ বলে ৫ চারে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। সঞ্জু স্যামসন করেন ২০ রান। ১১ বলে ২ চারে ১৯ রান করে অপরাজিত থাকেন স্টিভেন স্মিথ।
কোলকাতার পক্ষে বিনয় কুমার ৩০ রানে ২ উইকেট নেন। সাকিব ৪ ওভার বোলিং করে ২৩ রানে ১ উইকেট নিয়ে প্রশংসনীয় বোলিং নৈপূণ্য দেখান।
সংক্ষিপ্ত স্কোর:
রাজস্থান রয়্যালস ২০ ওভার ১৫২/৫ (রাহানে ৭২, ওয়াটসন ৩৩, স্যামসন ২০ স্মিথ অপরাজিত ১৯, বিনয় ২/৩০, সাকিব ১/২৩, মরকেল ১/৪০)
কোলকাতা ২০ ওভার ১৫২/৮ (গাম্ভীর ৪৫, যাদব ৩১, সাকিব অপরাজিত ২৯, পান্ডে ১৯, ক্যালিস ১৩, ফোকনার ৩/১১, তাম্বে ২/৩১, রিচার্ডসন ১/২৮, ভাটিয়া ১/২৯)
ম্যান অব দ্য ম্যাচ: জেমস ফোকনার
