বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নানা আলোচনা-সমালোচনার মধ্যেই জাতীয় সংসদ ভবন এলাকায় মেট্রোরেলের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে ভূ-তাত্ত্বিক জরিপের কাজ শুরু করেছে ওই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট কন্সট্রাকশনস লিমিটেড। যোগাযোগ মন্ত্রণালয়ের নেওয়া এ প্রকল্পে পরামর্শক হিসেবে রয়েছে এনকেডিএম অ্যাসোসিয়েশন।
সংশ্লিষ্ট সূত্র মতে, মেট্রোরেল প্রকল্প গ্রহণের পর থেকে এনিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে সংসদ ভবনের পূর্ব পাশ মনিপুরিপাড়া এলাকা দিয়ে ওই রেল লাইন বসানো হলে তা সংসদ ভবনের সৌন্দর্য্যহানি ঘটাবে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উত্থাপন করা হয়। সেটা জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের নকশা লঙ্ঘন হবে বলেও দাবি করা হয়। কিন্তু অভিযোগ আমলে না নিয়েই প্রকল্পের বাস্তবায়ন শুরু করা হয়েছে।
গতকাল দুপুরে সংসদ ভবনের পূর্ব পার্শ্বের মনিপুরি পাড়ার গেইট দিয়ে ঢুকতেই চোখে পড়ে মেট্রোরেলের নির্মাণ কাজ। সেখানে দায়িত্ব পালনরত এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়ে ভূ-তাত্ত্বিক জরিপের কাজ শুরু করা হয়েছে। বিজয় স্মরণী থেকে শুরু করে সংসদের পূর্ব পাশ দিয়ে একটি টার্নেলের মাধ্যমে খামারবাড়ি হয়ে ফার্মগেটে যাবে এই রেল লাইন।
এ বিষয়ে জাতীয় সংসদের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম খান জানান, কাজ শুরুর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণপূর্ত অধিদপ্তরকে অবগত করা হয়েছে। জাতীয় সংসদকেও বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে। তিনি বলেন, মেট্রোরেল নির্মাণে সংসদ এলাকার তেমন কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র খামারবাড়ি এলাকায় খেজুরবাগানের সাইডে সংসদের মূল ভবন এলাকায় সামান্য প্রবেশ করবে। ৪০ ফুট ওপর দিয়ে এই রেল লাইনটি যাবে।
তবে এই রেল লাইন স্থাপনে সংসদ ভবনের ব্যাপক সৌন্দয্যহানি ঘটবে বলে দাবি করেছেন পরিবেশবাদিরা। এরমাধ্যমে লুই আইকানের নকশা লঙ্ঘনের পাশাপাশি হাইকোর্টের আদেশও অমান্য করা হবে। এছাড়া সংসদ এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিবে বলে দাবি করা হয়েছে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
