Skip to content

মোকামে বেড়েছে সরু-সুগন্ধি চালের দাম

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

নওগাঁ: দেশের ধান-চালের সবচেয়ে বড় পাইকারির মোকাম নওগাঁয় বেড়েছে সরু ও সুগন্ধি চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি ৫০ কেজির বস্তায় সরু জাতের (মিনিকেট, পাইজাম ও নাজির) চালে ২৫০ থেকে ৩০০ টাকা ও সুগন্ধি জাতের চালে বেড়েছে ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। কারণ হিসেবে ধানের সঙ্কটকে দায়ী করছেন স্থানীয় মিল মালিকরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেচা বিক্রি কম থাকলেও গত ১৫ দিন আগে মিনিকেট, পাইজাম ও নাজির বিক্রি হয়েছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ২৫০ টাকা পর্যন্ত। আর এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। যা এখন প্রতি কেজিতে ৪ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে।

সুগন্ধি জাতের চাল প্রতি ৫০ কেজির বস্তা ৩ হাজার ৭০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বিক্রি হয়েছে ৪ হাজার ২০০ টাকায়। যা এখন প্রতি কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৮৪ টাকা কেজি দরে।

চাল ব্যবসায়ী সরকার উত্তম বাংলামেইলকে জানান, মোকামে সরু ও সুগন্ধি জাতের চালের দাম বৃদ্ধি পেয়েছে। তবে মোটা জাতের চালের দাম আগের মতই রয়েছে।

এদিকে নওগাঁ মৌ এগ্রো অ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলের পরিচালক ইফতেখারুল ইসলাম বাংলামেইলকে জানান, সরু জাতের ধান বছরে এক বার চাষ হয়। আর এ কারণে বাজারে ধান সঙ্কট থাকায় সরু ও সুগন্ধি চালের দাম বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ চকদার বাংলামেইলকে জানান, ধান-চালের বাজার কিছুটা ওঠা-নামা হওয়াটা অস্বাভাবিক নয়। তাই খুচরা বাজারে চালের চাহিদা ও ধানের বাজার দরের উপর নির্ভর করে সরু চালের বাজার দর।

তিনি বাংলামেইলকে আরো জানান, কৃষকের গোলায় মজুদ রাখা সরু জাতের ধান প্রায় শেষের দিকে। আর তাই আরো কিছুটা সরু জাতের ধানের সঙ্কট দেখা দিতে পারে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে চিকন বা সরু চালের বাজার দর আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫