বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। দীর্ঘদিন ধরে প্রেম করছেন ভারতের জাতীয় দলের অন্যতম ক্রিকেটার বিরাট কোহলির সাথে। এরইমধ্যে দুজনার সম্পর্ক নানা ভাঙা-গড়ার মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু এবার বোধয় সম্পর্ক পাকাপাকির দিকে এগুচ্ছে। তা না হলে হঠাৎ বিরাট কোহলি কেন তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিল্লী নিয়ে যাবেন প্রেমিকা আনুশকাকে!
বছরের শুরুতেই শোনা গিয়েছিল যে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী আনুশকা শর্মার মধ্যে চলা প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এমন গুঞ্জনের ক’দিন পরেই আবারও দুজনকে একসঙ্গে দেখা গেছে বহুবার। আর এবারতো আনুশকাকে একেবারে দিল্লীতে নিজের বাড়ি নিয়ে গেলেন বিরাট কোহলি। পরিচয় করিয়ে দিলেন পরিবারের সব সদস্যদের সাথে।
জানা গেছে, সম্প্রতি আসন্ন সিনেমা ‘সুলতান’-এর শুটিং শেষ করেছেন বুদাপেস্টে। আর সেখান থেকে ফিরেই বিরাটের সঙ্গে সময় কাটাচ্ছেন আনুশকা। হাতে সময় পেয়ে আনুশকাকে নিয়ে দিল্লীতে বাবা-মায়ের কাছে চলে গেলেন বিরাট। আনুশকাও হবু স্ত্রীর মতো হবু শ্বশুর-শ্বাশুরির সঙ্গে সময় কাটিয়ে এলেন স্বাচ্ছন্দ্যে! এরপর বিরাটের সঙ্গে অবকাশ যাপনে নাকি হারিয়ে গেলেন কোথায়। সে ঠিকানা কারো জানা নয়!
দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। মাঝখানে তাদের মধ্যে ব্রেকাপের সুর শোনা গেলেও ইদানিং প্রায়শই একসঙ্গে দেখা মিলে তাদের।
