বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা: দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানকালে ৫ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ও মাদক ব্যবসায়ীদের নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে যশোরে ৩ এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী ও টাঙ্গাইলে একজন করে নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে আইনশৃঙ্গলা বাহিনী সূত্র জানিয়েছে।
রোববার দিনগন রাত সাড়ে ১২টা থেকে সোমবার (২১ মে) ভোর পর্যন্ত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি জানান, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী অভিযানকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম আজাদ নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ১৫শ পিস ইয়াবা এবং একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, কালিগঞ্জ-নলডাঙ্গা সড়কের সড়কের নরেন্দ্রপুর এলাকায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছবদুল মন্ডল (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একশ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, ২ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, রোববরার দিনগত রাত পৌনে ১টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের সন্যাসীতলা মাঠের মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জনাব আলী (৩২) নামে এক চিহ্নিত মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শটগান, দু’টি কার্তুজ, ৩টি রামদা এবং এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় জীবননগর থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। এরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন হোসেন, কনস্টেবল ওয়ালিদ রহমান এবং কনেস্টবল জুয়েল।
বন্দুকযুদ্ধে নিহত জনাব আলীর বিরুদ্ধে জীবননগরসহ বিভিন্ন থানায় অন্তত ১১টি মাদক মামলা রয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীর বেলপুকুর থানাধীন ছোট জামিরা এলাকায় গভীর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক বিক্রেতা লিয়াকত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
যশোর প্রতিনিধি জানান, ভোরের দিকে উপজেলার তরফ নওয়াপাড়া ও খোলাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পৃথক ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রেখেছে পুলিশ।
দু’টি ঘটনাস্থল থেকেই অস্ত্র, গুলি, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
সবগুলো ঘটনার তথ্য র্যাব ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
