বাংলাভূমি ডেস্ক ॥
কাব স্কাউটদের মিলনমেলা ‘নবম জাতীয় কাব ক্যাম্পুরী ২০২০’ আগামী ২০ জানুয়ারি গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানে ‘ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা’ পার্টনার হিসেবে অংশ নিচ্ছে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’।
বাংলাদেশ স্কাউটসের আয়োজন ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ।
দেশের সকল উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নৌ, এয়ার ও রেলওয়ে স্কাউটস ইউনিটের প্রায় নয় হাজার কাব স্কাউট এবারের ক্যাম্পুরীতে অংশ নেবেন। প্রতি ইউনিটে থাকবেন ছয়জন কাব স্কাউট ও একজন ইউনিট লিডার।
দেশকে রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর এবং নিরাপদ দেশ উপহার দেয়ার লক্ষ্যে দেশের সূর্যসন্তানদের নিয়ে ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ ক্যাম্পইন শুরু করেছিল ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’। এরই ধারাবাহিকতায় ক্যাম্পুরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করবে সংগঠনটি।
এরই অংশ হিসেবে ‘ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা’ বিষয়ক মেসেজ বোর্ড স্থাপন, এ বিষয়ক অডিওবার্তা প্রচার ও ক্যাম্পুরী এলাকায় স্থাপিত টয়লেট পরিচ্ছন্ন রাখার জন্য ‘বাংলাদেশ স্কাউটস’ এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে একটি মনিটরিং টিম গঠন করা হবে। এই টিমের নেতৃত্ব দেবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও ‘পরিচ্ছন্ন বাংলাদেশ, হেলথ অ্যান্ড হাইজিন’ সচেতনতা বিষয়ে সাসটেইনবল ডেভেলপমেন্ট ভিলেজে (এসডিভি) ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর একটি স্টল থাকবে। এই স্টলে কাবদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সঠিকভাবে হাতধোয়া এবং টয়লেট ব্যবহারের ধারণা দেয়া হবে। তাদের মনোযোগ আকৃষ্ট করার জন্য স্টলে শিশুদের উপযোগী হাইজিন কুইজ প্রতিযোগিতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হবে।
